বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর খুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিয়াম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার শাকপালা মোড় পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিয়ামের সঙ্গে থাকা আরও দুইজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

নিহত সিয়াম উপজেলার ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন-ফুলদীঘি এলাকার নুরনবীর ছেলে সৌমিক রহমান তূর্য (২৭) এবং শাকপালা ক্যান্টনমেন্টপাড়া এলাকার মো. হিরোর ছেলে তুহিন (১৬)। আহতদের মধ্যে তূর্যের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে ৬-৭ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। একপর্যায়ে তারা সিয়ামের ঘাড় ও পিঠে ছুরিকাঘাত করে। তূর্যকেও ছুরিকাঘাত করা হয়। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

  • কিশোর
  • খুন
  • ছুরিকাঘাত
  • বগুড়া
  • #