শিশু অপহরণের পর হত্যা : দুইজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছর সাজা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

আঠারো বছর আগে আগে ঢাকার কাফরুলে ১১ বছর বয়সি শফিকুল ইসলাম ওরফে মিলনকে অপহরণের পর হত্যার ঘটনায় দুইজনকে যাবজ্জীবন এবং একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান রোববার এ রায় দেন।

যাবজ্জীবন পেয়েছেন আল আমিন ঘরামী ও মাসুদ রানা। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে এ দুজনকে। অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাভোগ করতে হবে দুই আসামিকে।

অপহরণের দায়ে ঘটনার সময় ১৫ বছর বয়সী সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুলকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাইফুলকেও কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন আব্দুল মোত্তালেব ওরফে মোতা এবং আমিরুল ইসলাম ওরফে রুবেল।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভিকটিমের পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় মাসুদ রানা ট্রাইব্যুনালে হাজির ছিল। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি পলাতক থাকায় আল আমিন ঘরামী ও সাইফুলের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

  • অপহরণ
  • যাবজ্জীবন
  • শিশু
  • সাজা
  • হত্যা
  • #