প্রতীকী ছবি
হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া জমিটি বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে হেলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে গেলে খলিলুর রহমানের লোকজন বাধা দেন। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মনজুর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।