যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া আট শিশুর সাতজনই হামলাকারী ব্যক্তির নিজের সন্তান। স্থানীয় পুলিশ এমন তথ্য দিয়েছে।
লুইজিয়ানার শ্রিভপোর্টে গতকাল রোববার ভোরে তিনটি বাড়িতে আটজন শিশুকে গুলি করে হত্যা করে এক ব্যক্তি। এর মধ্যে সাতজনই তার নিজের সন্তান ছিল বলে পুলিশ জানিয়েছে।
ক্যাডো প্যারিশ এলাকার করোনারের (মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তা) দপ্তর সিএনএন-কে বলেছে, নিহত শিশুদের মধ্যে তিনজন ছেলে ও পাঁচজন মেয়ে। তাদের বয়স তিন থেকে ১১ বছরের মধ্যে। তারা আরও বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন ভাই-বোন। আর অপর জন তাদের আত্মীয়।
নিহত শিশুরা হলো—তিন বছর বয়সী জাইলা এলকিন্স, পাঁচ বছরের শাইলা এলকিন্স, ছয় বছরের কাইলা পিউ, সাত বছরের লায়লা পিউ, ১০ বছরের মার্কেডন পিউ, ১১ বছরের সারিয়াহ স্নো, ছয় বছরের খেদারিয়ন স্নো এবং পাঁচ বছরের ব্রেলন স্নো।
শ্রিভপোর্ট পুলিশের কর্মকর্তা ক্রিস বোর্ডেলন বলেছেন, বন্দুকধারী ব্যক্তির নাম শামার এলকিন্স। সিএনএন–এর সহযোগী প্রতিষ্ঠান কেএসএলএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ঘটনাটি ‘পারিবারিক সহিংসতা ধরনের’ ছিল।
বন্দুকধারী ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন বলে নিশ্চিত করেছেন বোর্ডেলন। তাকে গুলি করার ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে লুইজিয়ানা অঙ্গরাজ্য পুলিশ তদন্ত করছে।
পুলিশের পূর্ববর্তী নথিতে থাকা তথ্য অনুযায়ী, এলকিন্সের বয়স ছিল ৩১ বছর। লুইজিয়ানার হয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্বকারী ট্যামি ফেল্পস এক সংবাদ সম্মেলনে বলেছেন, গুলি করার সময় কয়েকটি শিশু বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিল।
শ্রিভপোর্ট পুলিশের কর্মকর্তা বোর্ডেলন কেএসএলএকে বলেন, এ হামলার ঘটনায় দুজন প্রাপ্তবয়স্ক নারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের একজন এলকিন্সের স্ত্রী। তাকেই সবার আগে গুলি করা হয়েছে এবং অবস্থা ‘অত্যন্ত গুরুতর’। এরপর এলকিন্স আরেকটি বাড়িতে গিয়ে আট শিশু এবং আরও একজন নারীকে গুলি করেন। এলকিন্সের গুলিতে নিহত অষ্টম শিশুর মা ওই নারী। তার অবস্থাও আশঙ্কাজনক।
এলকিন্সকে ২০১৯ সালে আগ্নেয়াস্ত্রসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সময় এক ব্যক্তি গাড়িতে বসে তার দিকে বন্দুক তাক করলে, তিনি পাল্টা গাড়িটির দিকে পাঁচটি গুলি চালিয়েছিলেন। ঘটনাটি একটি স্কুলের পাশে ঘটেছিল।
এছাড়া এলকিন্স সাত বছর ধরে লুইজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন। ২০২০ সালের আগস্ট পর্যন্ত তিনি সেখানে ছিলেন বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে।