ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

রাজধানীর কাফরুল এলাকায় এ কে এম এ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানার মালিকের কাছে কোটি টাকা চাঁদা দাবি এবং ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনরানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) ও শশী (২২)।

র‍্যাব-৪ এর মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, রোববার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত শনিবার সন্ধ্যায় ওই কারখানায় ১২-১৩ জন ঢুকে মালিক কামরুলের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই জন পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়ে। তারা অফিসের লকার ভাঙচুর করে এবং তিন দিনের মধ্যে চাঁদা না দিলে কামরুলকে ‘মেরে ফেলার’ হুমকি দেয়। চলে যাওয়ার সময় তারা সিসি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক নিয়ে যায়। পরে কামরুল কাফরুল থানায় মামলা করেন।

সোমবার মিরপুরে র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কে এন রায় নিয়তি বলেন, সিসি ক্যামেরার ভিডিও দেখে ওই ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

  • গ্রেপ্তার
  • চাঁদা
  • দাবি
  • ব্যবসায়ী
  • র‌্যাব
  • #