টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে এক নারী ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদের সেতুর পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দারা সেতুর আশপাশে দুর্গন্ধ পাচ্ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে তারা সেতুর পাশে নারীর চুল দেখতে পায়। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মাটি খুঁড়ে বস্তাবন্দী অবস্থায় এক নারী ও নবজাতকের লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, মাটি খুঁড়ে ওই নারীর লাশ ওপরে তোলার সময় তাঁর সঙ্গে একটি নবজাতকের লাশও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর মৃত্যুর সময় হয়তো সন্তান প্রসব হয়। পরে দুজনকে মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।