টেকনাফে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার দুর্গম একটি পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন একই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

পুলিশ জানায়, সকালে স্থানীয় শ্রমিকরা পাহাড়ে কাজ করতে গিয়ে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

শীলখালীর বাসিন্দা নিহত আমিনুল ইসলাম রবির পিতা রুহুল আমিন জানান, তার ছেলে একজন ড্রাইভার। গতকাল রাতে তার ভাইয়ের ছেলে মুরশেদ আলম বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই তিনি তার কোনো খোঁজ পাননি।

তিনি জানান, সকালে খবর আসে শীলখালীর পাহাড়ি এলাকায় তিনজনের লাশ পাওয়া গেছে। পরে গিয়ে তিনি নিশ্চিত হন, নিহতদের মধ্যে তার ছেলে আমিনুল ইসলাম রবিও রয়েছে। লাশগুলোর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং অধিকাংশ আঘাত ধারালো অস্ত্র দিয়ে করা হয়েছে।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে শীলখালী সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। উদ্ধার করা তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • উদ্ধার
  • টেকনাফ
  • মরদেহ
  • রক্তাক্ত
  • #