পদোন্নতির জটিলতা নিরসনের দাবিতে ববিতে চলছে শিক্ষকদের কর্মবিরতি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকদের পদোন্নতিসংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। এতে আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান বন্ধ আছে।

বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষকের পদোন্নতি আটকে থাকায় গতকাল সোমবার সন্ধ্যায় এক সভায় এ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকেরা। তাদের এ দাবির পক্ষে ১০২ জন শিক্ষক সংহতি প্রকাশ করেন। তারা বলেন, আজকের কর্মসূচির পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদোন্নতির ব্যাপারে কোনো উদ্যোগ না নিলে আগামীকাল বুধবার পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন কর্মসূচি শুরু করা হবে।

এর আগে গত রোববার সন্ধ্যায় একই দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন। ২৩ ঘণ্টা পর গতকাল বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল কাইউম বলেন, আমরা দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত। বারবার উপাচার্যের দ্বারস্থ হয়ে কোনো সমাধান পাইনি। ফলে আমাদের আন্দোলন ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না।

শিক্ষকেরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে এত দিন ধরে একাডেমিক কার্যক্রম, ভর্তি, পরীক্ষা, ডিগ্রি প্রদান এবং শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতিসংক্রান্ত সব কার্যক্রম একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারি করা একটি নির্দেশনা বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক কার্যক্রমে গভীর অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

ইউজিসির ওই নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইনের আওতায় চাকরি, পেনশন, পদোন্নতি ও অন্যান্য বিধিবিধান সংশোধন ও প্রণয়ন করে যথাযথ কর্তৃপক্ষ, অর্থাৎ রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। পরবর্তী সময়ে অনুমোদিত সংবিধির ভিত্তিতেই পদোন্নতি কার্যকর করা হবে।

এ বিষয়ে উপাচার্য মো. তৌফিক আলম বলেন, শিক্ষকেরা ২০১৫ সালের বিশ্ববিদ্যালয় আইনের অধীন পদোন্নতি চাইছেন, কিন্তু তাতে ইউজিসির আপত্তি আছে। তাই পুরোনো নিয়মে শিক্ষকদের পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ নেই।

উপাচার্য আরও বলেন, অভিন্ন নীতিমালা দেশের ৫০টি বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে। যে তিনটি করেনি, এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় আছে। এ জন্য আমি শিক্ষকদের অনুরোধ করব, যাতে ক্লাস-পরীক্ষা বিঘ্নিত হয়, সে ধরনের কর্মসূচি থেকে সরে এসে আলাপ-আলোচনার মাধ্যমে আমরা একটি নতুন সংবিধি প্রণয়ন করি। এতে দ্রুত তাঁরা পদোন্নতি পাবেন।

  • কর্মবিরতি
  • জটিলতা
  • পদোন্নতি
  • ববি
  • #