ময়মনসিংহের শম্ভুগঞ্জে লরির সঙ্গে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এই ঘটনা ঘটে। কোতয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি যাত্রীবাহী মাহেন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। যাত্রাপথে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা টের পেয়ে আহত তিন জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে, দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, ‘একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহত ছেলে শিশুটির বয়স ১৮ মাস। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে, তার আনুমানিক বয়স ৪৫ বছর হবে।’