নিখোঁজের তিন দিন পর মন্দিরের সেবায়েতের লাশ মিলল পাহাড়ে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

কক্সবাজার সদরে নিখোঁজের তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামের স্থানীয় একটি মন্দিরের সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইলের পাহাড়ি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশ্যারঘোনা নাগপঞ্চমী মন্দিরের সেবায়েত ছিলেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার ফুলতলা গ্রামের গোপাল দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত রোববার রাত ৯টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি নয়ন দাশকে খুরুশকুল এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাঁকে না পেয়ে সোমবার রাতে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে  বুধবার দুপুরে স্থানীয়রা মন্দিরের পূর্ব পাশের দুর্গম পাহাড়ি এলাকায় নয়ন দাশের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, নয়ন দাশের লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

  • কক্সবাজার
  • পাহাড়
  • মন্দির
  • লাশ
  • সেবায়েত
  • #