নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে এক প্রবাসীর প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সৌদিফেরত এক নারী প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় বাধা দেওয়ায় ডাকাতদের হামলায় এক নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) ভোরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন পেয়ারাকান্দি এলাকার হিমু আক্তার গত ছয় মাস ধরে তার স্বামীর সঙ্গে সৌদি আরবে ছিলেন। বুধবার ভোররাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকারযোগে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ৫ জন ব্যক্তি নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে অস্ত্রের মুখে প্রবাসীর পরিবারকে জিম্মি করে ফেলে।
ডাকাতরা নিমিষেই হিমু আক্তারের কাছ থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, ৪ হাজার সৌদি রিয়াল, ৩টি দামি মোবাইল সেট এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতিতে বাধা দিলে ডাকাতরা হিমু আক্তার ও তার ভাই মাইন উদ্দিনকে পিটিয়ে আহত করে। ঘটনার পর ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের পরিচয় শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।