গাইবান্ধায় ইয়াবাসহ গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২১ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আটটি ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। রোববার রাত ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শাকিল মিয়া (২৭) উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা গ্রামের হাজী পাড়ার নূর মোহাম্মদ আলীর ছেলে। তিনি এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানান, গোপন খবর পেয়ে রাতে ধর্মপুর বাজার এলাকায় জোবেদা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফিলিং স্টেশনটির ক্যাশ কাউন্টারের পাশে ফাঁকা জায়গায় অবস্থান করা কয়েকজন যুবক পালিয়ে যাওয়ার সময় শাকিলকে আটক করা হয়।

পরে তার শরীর তল্লাশি করে আটটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানান ওসি আমানুল্লাহ। তিনি বলেন, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার এসআই নওশের আলী বাদী হয়ে মামলা করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া পালাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব আশানুর রহমান বলেন, বিষয়টি জানার পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী শাকিল মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়।

  • ইয়াবা
  • এনসিপি নেতা
  • কারাগার
  • গাইবান্ধা
  • গ্রেপ্তার