৩১টি ইরানি জাহাজ ঘুরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ইরানের এখন পর্যন্ত ৩১টি তেলবাহী জাহাজকে তাদের পথ পরিবর্তন করতে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়।

সংস্থাটি জানায়, ইরানের ওপর সমুদ্রপথে আরোপিত অবরোধ কার্যকর করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযান পরিচালনা করছে মার্কিন নৌবাহিনী।

খবরে বলা হয়েছে, ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বন্দরে যাওয়া ও সেখান থেকে বের হওয়া সব জাহাজকে লক্ষ্য করা হচ্ছে। তিনি এই অভিযানকে অর্থনৈতিক চাপ হিসেবে বর্ণনা করেছেন, যার মধ্যে নিষেধাজ্ঞা, বন্দর নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটক করার মতো পদক্ষেপ রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই অবরোধের কারণে ইরানের প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতি হচ্ছে।

অন্যদিকে জ্বালানি বিশ্লেষণ সংস্থা ভরটেক্সা বলছে, এখনো অন্তত ৩৪টি তেলবাহী জাহাজ অবরোধ এড়িয়ে চলাচল করছে। এর মধ্যে কিছু জাহাজ উপসাগর ছাড়ছে, আবার কিছু আরব সাগর হয়ে ইরানের দিকে যাচ্ছে।

এশিয়ার জলসীমায় ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

এদিকে, যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর একদিন পরই মালয়েশিয়া ও শ্রীলঙ্কার আশপাশের গভীর সমুদ্র থেকে ইরানের পতাকাবাহী তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। জাহাজ ৩টির নাম ডিপ সি, সেভিন এবং দোরেনা।

বুধবার নৌপরিবহন ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী এশীয় জলসীমায় অন্তত তিনটি ইরানি পতাকাবাহী ট্যাংকার আটকে দিয়েছে এবং ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান থেকে সেগুলোকে অন্যত্র সরিয়ে নিচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন সমুদ্রপথে ইরানের বাণিজ্যের ওপর অবরোধ আরোপ করেছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দিতে সেগুলোর ওপর গুলি চালিয়েছে।

  • ইরানি
  • জাহাজ
  • যুক্তরাষ্ট্র
  • #