প্রতীকী ছবি
জামালপুর সদরে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম দুই আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক জানিয়েছেন।
দণ্ড পাওয়ারা হলেন জামালপুর পৌরসভার বেলটিয়া এলাকার বুলবুল আহমেদ (৪৫), পাথালিয়া নাউভাঙ্গা চরের কালাম মাক্কু (৫০) এবং একই এলাকার মো. রুকু (৫৫)।
মামলার বরাতে পিপি ফজলুল হক বলেন, ২০২৩ সালের ১৪ মে শহরের হযরত শাহ্ জামাল (রহ.) মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করা হয়। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুকুকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা করেন বলে জানান পিপি।
দুই বছর পর ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তিনজনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা করে জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল। তিনি বলেন, রায় ঘোষণার সময় তিন আসামির মধ্যে দুইজন আদালতে উপস্থিত থাকলেও একজন পলাতক রয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।