সেনা অভিযানে বান্দরবানে অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দিন-রাত অনুসন্ধান ও তল্লাশি অভিযানের ফলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল তাদের নিরাপদে উদ্ধার করে।

শুক্রবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)। তারা সবাই লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।

আইএসপিআর জানায়, গত ২৩ এপ্রিল বান্দরবানের লামা উপজেলার হাতিরডেরা-টংকাবতী এলাকায় অপহরণের শিকার রাবার বাগান শ্রমিকদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। দিন-রাতব্যাপী নিবিড় অনুসন্ধান ও তল্লাশি অভিযানের ফলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দিনের আলো ফোটার পর সেনাবাহিনীর টহল দল তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট থানা এ বিষয়ে অবহিত রয়েছে।

আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢপ্রতিজ্ঞ।

  • অপহৃত
  • উদ্ধার
  • বান্দরবান
  • শ্রমিক
  • #