চট্টগ্রামের রাউজানে যুবককে গুলি করে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

চট্টগ্রামের রাউজানে কাউছার উর জামান বাবলু (৩৬) নামের এক যুবককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি স্থানীয়ভাবে বালু, ইট সরবরাহ ও ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত ছিলেন।

জানা যায়, বাবলু পার্শ্ববর্তী এলাকায় তার নানাবাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে মামাতো ভাই পলিনকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব আলীখীল খামার টিলা এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাকে বেদম মারধর করে এবং পরে গুলি করে। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

নিহতের বাবা আবুল কালাম সওদাগর জানান, তার ছেলে প্রতিবাদী স্বভাবের ছিলেন এবং এলাকায় চাঁদাবাজি নিয়ে বিভিন্ন সময় সন্ত্রাসীদের সঙ্গে তার বিরোধ হতো। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • গুলি
  • চট্টগ্রাম
  • যুবক
  • রাউজান
  • হত্যা
  • #