রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দফতরের জারি করা সতর্কতামূলক চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন।
তিনি জানান, আমরা এ তথ্য পেয়েছি এবং সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে।তবে সুনির্দিষ্ট করে কোনও সংগঠন বা গোষ্ঠিকে শনাক্ত করার বিষয়ে কিছু জানাননি তিনি।
শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উগ্রবাদীদের সম্ভাব্য হামলার শঙ্কা নিয়ে পুলিশ সদর দফতরের সতর্কবার্তা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ডিএমপির জঙ্গি দমন ইউনিট সিটিটিসির যুগ্ম কমিশনার।
এ সময় তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবিলা করতে পারবো।
নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দফতর। গত বৃহস্পতিবার বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় ‘নিরাপত্তা জোরদারের’ নির্দেশনা দেওয়া হয়।
ওই বার্তায় নির্দিষ্ট করে কোনও সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। তবে সম্প্রতি সংগঠনটির সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেফতারের তথ্য তুলে ধরা হয়েছে।
‘নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থকদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা’ সংক্রান্ত বার্তায় বলা হয়েছে, গ্রেফতার ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
এ প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদার ও নজরদারি বৃদ্ধির বিষয়ে পুলিশ সদর দফতরের নির্দেশনা নিয়ে জানতে চাইলে মুনশী শাহাবুদ্দীন বলেন, এটি আমাদের নিরাপত্তা পরিকল্পনার অংশ, যা প্রকাশ করার বিষয় নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট স্থানগুলোতে আমরা কাজ করছি।
সশস্ত্র বাহিনীর কতজন সদস্য গ্রেফতার হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, তার কাছে এ মুহূর্তে নির্দিষ্ট কোনও তথ্য নেই; গণমাধ্যমে যা এসেছে, তিনিও সেটুকুই দেখেছেন।