নিপুণ রায়ের ৫০২ ভরি সোনা ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ৫ লাখ টাকা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায় চৌধুরী তার নির্বাচনী হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার থাকার কথা ঘোষণা করেছেন। দাখিলকৃত নথিপত্র অনুযায়ী, তার নিজের রয়েছে ৫০২ ভরি সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর অলঙ্কার। এছাড়া তার স্বামী অমিতাভ রায়ের নামে আরও ১০০ ভরি সোনা রয়েছে।

হলফনামায় এসব অলঙ্কারের কোনো ক্রয়মূল্য উল্লেখ করা হয়নি। এর পরিবর্তে জানানো হয়েছে যে, এসব অলঙ্কার তিনি ‘উপহার’ হিসেবে পেয়েছেন।

৩৯ বছর বয়সী নিপুণ রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী এবং বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার আয়ের প্রধান উৎস ওকালতি এবং বিভিন্ন বিনিয়োগ। হলফনামার তথ্য অনুযায়ী, তিনি পেশা থেকে বছরে প্রায় ২৬ লাখ টাকা এবং শেয়ার ও ব্যাংক আমানত থেকে আরও সাড়ে ৪ লাখ টাকা আয় করেন।

বিনিয়োগ ও সম্পদের বর্ণনায় তিনি উল্লেখ করেছেন, তার নামে ১ কোটি ১৩ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে। এছাড়া তার মালিকানাধীন দুটি গাড়ির ক্রয়মূল্য দেখানো হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা।

হলফনামা অনুযায়ী, নিপুণ রায়ের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ৫ লাখ টাকা এবং তার স্বামীর অস্থাবর সম্পদ সাড়ে ৩ কোটি টাকার বেশি। স্থাবর সম্পদের মধ্যে ৮৫ লাখ ২০ হাজার টাকায় কেনা একটি ফ্ল্যাটের কথা উল্লেখ থাকলেও এর অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

নিপুণ রায়ের বর্তমানে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকার ঋণ রয়েছে। দম্পতির হাতে নগদ টাকা রয়েছে প্রায় ৭৬ লাখ, যার মধ্যে ১৩ লাখ ২৯ হাজার টাকা তার নিজের।

হলফনামার একটি উল্লেখযোগ্য দিক হলো, ২০২৫ সালে তিনি ২৩টি মামলায় অব্যাহতি, খালাস বা চূড়ান্ত প্রতিবেদন পেয়েছেন।

  • অস্থাবর
  • নিপুণ রায়
  • সম্পদ
  • সোনা
  • #