প্রতীকী ছবি
চট্টগ্রামের কোতোয়ালির পলোগ্রাউন্ড এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এই মিছিলের পর শনিবার (২৫ এপ্রিল) দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন শনিবার বিকেলে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), নাহিদ হোসেন (১৯), সাইফুল ইসলাম (২০), নওশের উদ্দিন চৌধুরী (২১), জুয়েল (২৪), আলাল (২১), আসিফ (২২), শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) এবং ইমাম হোসেন সাদমান (২২)।
এর আগে শুক্রবার জুমার নামাজের সময় সিআরবি পলোগ্রাউন্ড এলাকায় যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬০-৭০ জন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। একই দিন সকালে নগরীর জিইসি মোড় এলাকা এবং পাঁচলাইশ থানাধীন মেয়র গলি এলাকা থেকে পৃথক দুটি ঝটিকা মিছিল বের হয়।