প্রতীকী ছবি
বগুড়ার শিবগঞ্জে দুই নারীর হাত-পা বেঁধে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশপরা ডাকাত দল জানালা কেটে ঘরে ঢুকে দুই নারীকে বেঁধে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাঁসার থালাবাসন লুট করে নিয়ে যায়। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিভাস সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য শুভজিৎ সরকার জানান, বাড়িতে তার মা, খালা ও নানি থাকেন। তিনি বগুড়া শহরে থেকে পড়াশোনা করেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল জানালা কেটে ঘরে প্রবেশ করে।এরপর তারা তার মা বাসনা রানী সরকার (৫০) ও খালা আলপনা রানী সরকার (৪৫)-এর হাত-পা বেঁধে মারধর করে। পরে সোনার গয়না প্রায় আট ভরি, লক্ষাধিক টাকা ও থালাবাসন নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, ডাকাতদল আশপাশের বাড়িগুলোর দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। ফলে লোকজন চিৎকার শুনলেও কেউ বের হয়ে আসতে পারেনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, পীরব ইউনিয়নে আগের একটি ডাকাতির ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেননি। তবে পুলিশ জড়িতদের শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে, একই চক্র শনিবার রাতে দেউলী ইউনিয়নের মীরপুর গ্রামেও ডাকাতির ঘটনা ঘটিয়েছে।