নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ও দুপুরে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল মোতালিব (৫৫), মোনায়েম খা এবং শুভ মণ্ডল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব নামের এক জেলের মৃত্যু হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের বাসিন্দা।

একই দিন দুপুরে একই ইউনিয়নের সাতগাঁও গ্রামের পাশের হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মোনায়েম খা ওরফে হালান মিয়া (৫৪) নিহত হন। তিনি ওই গ্রামের বাসিন্দা।

তাছাড়া দুপুরে উপজেলার কৃষ্ণপুর হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন শ্রমিক শুভ মণ্ডল। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদীঘির চর এলাকার আরিফুল মণ্ডলের ছেলে।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনই ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, নিহতদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।

  • নেত্রকোনা
  • বজ্রপাত
  • মৃত্যু
  • #