ঢাবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে সাময়িকভাবে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিভাগীয় চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বিভাগের ২০২৪ সনের এমএ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের অকাল মৃত্যুতে বিভাগ গভীর শোকাহত। ঘটনার পর সংশ্লিষ্ট শিক্ষক ড. সুদীপ চক্রবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং মামলার প্রক্রিয়ায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ২৬ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ড. সুদীপ চক্রবর্তী বিভাগের সকল একাডেমিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসংক্রান্ত দায়িত্ব থেকে বিরত থাকবেন।

এদিকে, মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার শিক্ষক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

  • অব্যাহতি
  • আত্মহত্যা
  • একাডেমিক
  • কার্যক্রম
  • ছাত্রী
  • ঢাবি
  • শিক্ষক
  • সুদীপ চক্রবর্তী
  • #