প্রতীকী ছবি
যুক্তরাজ্যের এসেক্সের ওয়েস্ট মার্সিয়া সৈকতে এক শিশুকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী ও তার ১৫ বছর বয়সী মেয়ে। নিহতরা হলেন সেলিনা রহমান এবং তার মেয়ে সামিহা রহমান।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কোলচেস্টারের কাছে সি ভিউ হলিডে পার্কসংলগ্ন ওয়েস্ট মার্সিয়া সৈকতে জোয়ারের সময় এ ঘটনা ঘটে। ওই সময় কয়েকজন পানিতে বিপদে পড়ার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
প্রতিবেদন অনুযায়ী, চল্লিশোর্ধ্ব শিক্ষক সেলিনা রহমান ও তার মেয়ে সামিহা পরিবারের সঙ্গে গ্রীষ্মকালীন ছুটিতে বেড়াতে গিয়েছিলেন। পানিতে বিপদে পড়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে মা-মেয়ে দুজনই স্রোতে তলিয়ে যান এবং পরে তাদের মৃত্যু হয়। নিহত সেলিনা রহমান যুক্তরাজ্য বিএনপির যুব সংগঠন যুবদল ইউকের সভাপতি ডা. মনসুর রহমানের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাত বছর বয়সী এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং দুজনের আঘাত গুরুতর নয়।
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে এবং আরও তিনজনকে সড়কপথে হাসপাতালে নেওয়া হয়েছে। ওয়েস্ট মার্সিয়া কোস্টগার্ড রেসকিউ টিম ঘটনাটিকে মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
