জামিন পেয়ে জেলগেটে ফের গ্রেপ্তার আ. লীগ নেত্রী

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েও জেলগেট থেকে ফের গ্রেপ্তার হলেন মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী সোনিয়া সুলতানা। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার কাজী সোনিয়া সুলতানা মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার মৃত জামিল হোসেনের মেয়ে। তিনি মাগুরা সদরের সাবেক নারী ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মাগুরা সদর থানার মামলায় জেলা কারাগারে গ্রেপ্তার ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সুলতানা। বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আজ সকালে মাগুরা জেলা কারাগার থেকে বের হলে জেলগেট থেকেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, শুক্রবার সকালে সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

  • আ. লীগ নেত্রী
  • গ্রেপ্তার
  • জামিন
  • জেলগেট