চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী একই পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের লোহাগাড়া ট্রমা সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজন মারা যান।
নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার রেহেনা বেগম (৬০), ঝিনাইদহ জেলার আবদুল্লাহ জিহাদ, মো. নাঈম এবং ভোলা জেলার মনির আহমদ। অন্য একজনের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারমুখী বাসে থাকা এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মুখোমুখি সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা দেয়। বাস দুটি দুমড়ে মুচড়ে গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মের জরুরি বিভাগের ডা. তাসফিক আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
