সাভারে বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

সাভারের আশুলিয়ায় পারভেজ হোসেন নামে এক যুবককে বাসায় ডেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে। গতকাল রবিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন (২৬) শেরপুর জেলার নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। সে আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে আনেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দাঁ দিয়ে পারভেজকে পেছন থেকে কোপ দিয়ে পালিয়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় পারভেজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ছাড়া এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতকের মা, বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সেই সঙ্গে ঘাতক শাহাদাতকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

  • বন্ধু
  • সাভার
  • হত্যা