টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন (৩৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারুক ওই ভবনের পাঁচ মালিকের একজন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরকুন পূর্বপাড়া গোদারাঘাট এলাকার বায়তুল্লাহ জামে মসজিদের সামনে শাহাবুদ্দিনের নির্মাণাধীন সাততলা ভবনটির মালিক পাঁচ ভাই। তাদের মধ্যে ফারুক হোসেনও একজন। তিনি ভবনের নিচতলায় অবস্থান করে নিয়মিত নির্মাণকাজ তদারকি করতেন। বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় ভবনের ষষ্ঠ তলার লিফট ওয়ালের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহত ফারুক হোসেন নির্মাণাধীন ভবনের পাঁচ মালিকের একজন ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • উদ্ধার
  • টঙ্গী
  • মরদেহ