ময়মনসিংহের সদরে গাছের ডাল কাটা নিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম। নিহত সুমি আক্তার (৩০) ওই গ্রামের ওয়ালিউল্লাহর স্ত্রী।
আটকরা হলেন ওই গ্রামের প্রয়াত সমশের আলীর ছেলে মো. খলিল এবং খলিলের স্ত্রী নাছিমা বেগম। খলিল ও ওয়ালিউল্লাহ সহোদর। তাদের মধ্যে ওয়ালিউল্লাহ ছোট।
ওসি শিবিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বড় ভাই খলিলের সঙ্গে ওয়ালিউল্লাহর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এদিন বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমির গাছের ডাল কাটতে যান ওয়ালিউল্লাহ। এ সময় বাধা দেয় খলিল। এ নিয়ে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে খলিল তার হাতে থাকা ছুরি দিয়ে সুমির বুকে আঘাত করেন।
স্থানীয়রা সুমিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।