বর্তমান সরকারের মেয়াদে ৪৬৪ হত্যা ও ৬৬৬ ধর্ষণ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩৮ minutes ago
ফাইল ছবি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও জানান, একই সময়ে হত্যা মামলায় ৬০৪ জন ও ধর্ষণ মামলায় ৫৩০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছে।

মঙ্গলবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে এনসিপির সদস্য (কুমিল্লা-৪) আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে দায়ী সকল আসামির কঠোর সাজা নিশ্চিত করার জন্য মামলাগুলো অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে মামলাসমূহে দ্রুত অভিযোগপত্র দাখিলের কার্যক্রম অব্যাহত আছে।

বিএনপি দলীয় সদস্য মাদারীপুর-২ আসনের জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশে ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি।

তিনি আরও বলেন, নতুন করে সাড়ে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে। এর মধ্যে এএসপি পদ ৫০০, এসআই (নিরস্ত্র) ৪ হাজার এবং ১০ হাজার কনস্টেবল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে ২ হাজার ৭০৩টি কনস্টেবলের শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরাসরি ২ হাজার এএসআই নিয়োগ করা হবে বলেও তিনি জানান।

  • ধর্ষণ
  • মামলা
  • হত্যা
  • #