ময়মনসিংহের ফুলবাড়িয়ার ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মরহুমের জানাজার নামাজ আজ রবিবার তিন দফায় অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে এবং তৃতীয় জানাজা বিকেল ৫টায় তার প্রতিষ্ঠিত এতিমখানা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
