চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে ছাত্রলীগ ( নিষিদ্ধ ঘোষিত) ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে নয়াবাজার বিশ্বরোড এলাকার একটি রেস্টুরেন্টের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নগরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সংগঠিত কার্যক্রমের প্রবণতা বাড়তে দেখা গেছে। গত ২৫ এপ্রিল কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশের ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় পৃথকভাবে মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে অনন্যা আবাসিক এলাকা ও আউটার রিং রোডেও অনুরূপ কর্মসূচির ঘটনা ঘটে, যেগুলোর ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি উত্তর) হাবিবুর রহমান জানান, ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়।
তিনি বলেন, আটক ব্যক্তিরা ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং নতুন প্ল্যাটফর্মের কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার (৪ মে) বিকেল ৪টার মধ্যে তাদের হালিশহর থানায় হস্তান্তর করা হবে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
