যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।
আজ সোমবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে মরদেহ গ্রহণ করেন এবং বিমানবন্দরে উপস্থিত নিহত লিমনের পরিবারের কাছে তা হস্তান্তর করেন। মরদেহ গ্রহণ এবং হস্তান্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।
মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ আছে বলে জানান।
নিহত লিমনের মরদেহ গত ২ মে সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে প্রেরণ করা হয়। মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল ও কনসাল সেখানে উপস্থিত থেকে প্রেরণ প্রক্রিয়া তদারকি করেন। নিহত লিমনের জানাজার নামজ গত বৃহস্পতিবার ৩০ এপ্রিল বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।
২৭ বছর বয়সী লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি নামের আরেক তরুণী। পরে তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে অনুসন্ধান শুরু হয়।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাংকল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরে একই এলাকার কাছে ম্যানগ্রোভ অঞ্চল থেকে আরো কিছু খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করা হয়, যা পরে নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে প্রথম-ডিগ্রির দুইটি হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, তার কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
