ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আট লাখ টাকার জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. কাউছার (৫০) ও মো. কামাল (৫১)।মঙ্গলবার দুপুরে কদমতলীতে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ডিবি (দক্ষিণ) থানার ওসি সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি দল সোমবার ( ৪ মে ) রাত ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার ভাঙ্গনা মুজিবনগর এলাকায় একটি ভবনের তৃতীয়তলায় অভিযান চালায়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে আট লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একটি ইপসন রঙিন প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত তিনটি কাঠের ফ্রেমযুক্ত ডাইস উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম সুমন জানান, গ্রেফতার কাউছারের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় জালটাকা তৈরি ও বাজারে সরবরাহের অভিযোগে অন্তত সাতটি মামলা রয়েছে।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
