ডোবার পাশে পড়েছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবার পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, বিভিন্ন প্রাণী মরদেহটি কামড়ে ক্ষতবিক্ষত করেছে।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের একটি ডোবার পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নাদামপুর গ্রামের পতিত জমির একটি ডোবার পাশে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় এক স্কুলশিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। তার বাঁ পায়ে ও ডান হাতের বেশ কিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়াল বা কুকুরের কামড়ে মরদেহ ক্ষতবিক্ষত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • ক্ষতবিক্ষত
  • জগন্নাথপুর
  • নারী
  • মরদেহ
  • সুনামগঞ্জ