প্রতীকী ছবি
পাবনার বেড়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর রহিম খান (৬৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিনপুর থানার দারিয়াপুর গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রহিম খান উপজেলার টাংবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় লেবু বিক্রেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে স্থানীয় আম ব্যবসায়ী আবুল কাশেমের বাগানে শ্রমিকরা আম পাড়তে গিয়ে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি আমিনপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, রহিম খানের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির রহস্য উদঘাটন এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে রহিম খান বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
