দেশের সব বেসরকারি (নন-এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে ১২ দিনের সময়সীমা বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন শিক্ষকেরা। এর মধ্যে দাবি পূরণ না হলে ১৭ মে থেকে লাগাতার কর্মসূচি ও রাজপথে নামার হুঁশিয়ারি দেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের পক্ষে সংগঠনটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিঞা।
সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ আয়োজিত শিক্ষক সমাবেশ থেকে এসব ঘোষণা দেওয়া হয়। এ সময় দাবি আদায়ের জন্য প্রয়োজনে ঈদের পর সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে ‘ডু অর ডাই’ কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনাও তাদের রয়েছে বলে শিক্ষক সমাবেশ থেকে জানানো হয়।
সম্মিলিত নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিঞা বলেন, আগামী ১৬ মে পর্যন্ত আমরা সময় নির্ধারণ (আলটিমেটাম) করে দিয়েছি। এর মধ্যে যদি আমাদের দাবি না মানা হয়, ১৭ মে থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্য দিয়ে শিক্ষকসমাজ নিয়ে রাজপথে নামতে বাধ্য হব।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক বলেন, সরকার প্রাথমিকভাবে সচল প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করবে বলে আমরা আশাবাদী।
নন-এমপিও ডিগ্রি শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মেজবাহ ফারুক বলেন, ‘আমরা আর কত দিন এভাবে রাজপথে থাকব। আমাদের থাকার কথা পাঠদান কক্ষে। আমরা এ সমস্যার সমাধান চাই। না হলে শিক্ষকসমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুছ সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক প্রমুখ।
