কিশোরগঞ্জের মিঠামইনে চালবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক দম্পতি ও তাদের সন্তান নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মহিষাকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের সন্তান আয়ান (১০)। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, চালবোঝাই পিকআপটি মিঠামইন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিকে আসছিল মোটরসাইকেলটি। মুখোমুখি সংঘর্ষে তিনজনই ঘটনাস্থলে নিহত হন।
মিঠামইন থানার ওসি মো. লিয়াকত আলী জানান, পিকআপের চালক শরীফ মিয়াকে আটক করেছে পুলিশ। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
