ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এর মধ্যে ২৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে বাংলাদেশে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে অন্তত ৫৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি হামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ নিয়ে আরও ২৭৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
ডিজিএইচএসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সময়কালে সারা দেশে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৬ হাজার ২০৮ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনের তথ্যমতে, দেশব্যাপী এ পর্যন্ত ৪৫ হাজার ৪৯৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৩৮ জন।
