মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, ঊর্ধ্বমুখী খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

মে মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট-টু-পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে। এর আগের মাস এপ্রিলে এই হার ছিল ৯.০৪ শতাংশ।  রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায়ও বর্তমানে মূল্যস্ফীতির চাপ বেশি। ২০২৫ সালের মে মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯.০৫ শতাংশ।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, মে মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.০৬ শতাংশে, যা এপ্রিল মাসে ছিল ৮.৩৯ শতাংশ। গত বছরের (২০২৫) মে মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৮.৫৯ শতাংশ। অর্থাৎ গত এক মাসে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতির চিত্র ঊর্ধ্বমুখী। মে মাসে এই খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৭১ শতাংশে। এপ্রিল ২০২৬-এ এই হার ছিল ৯.৫৭ শতাংশ এবং এক বছর আগে অর্থাৎ মে ২০২৫-এ ছিল ৯.৪২ শতাংশ।

 

  • মূল্যস্ফীতি
  • মে