নরসিংদীর পলাশে দুষ্টামির ছলে পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে রামিম নামের ৯ বছর বয়সি এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। মারা যাওয়া রামিম পলাশ উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে গজারিয়া বাজারে ফয়সাল মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যায় শিশু রামিম। একই গ্রামের লোকমান মিয়ার ছেলে রিকশাচালক সবুজ মিয়া রিকশার টিউবে হাওয়া দেওয়া মেশিনের সাহায্যে দুষ্টামির ছলে শিশু রামিমের পায়ুপথ দিয়ে হাওয়া দেয়। এতে শিশুটির পেট ফুলে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। পরে বিকেল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. রাকিব আসকারী বলেন, ধারণা করা হচ্ছে পায়ুপথ দিয়ে উচ্চ গতিতে বাতাস প্রবেশ করার কারণে নাড়ির কোনো একটি অংশ ছিদ্র হয়ে যায়। ফলে পেটের ভেতর রক্তক্ষরণ হয়। এতে তার ব্যাপক পেটব্যথা শুরু হয় এবং শ্বাস নিতে পারছিল না। আমরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেই।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, সন্ধ্যার পর শিশুটির মরদেহ বাড়িতে আনার পর আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
