সাভারের আশুলিয়ায় ৭ বছরের এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পবিার (৭ মে) আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানি ও হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াস ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটি তার চাচার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশুনা করে। বুধবার (৬ মে) বিকেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে শিশুটি কান্না করছিল। পরে স্বজনরা জিজ্ঞাসা করলে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি কথা জানায়। এরপরে স্বজনরা মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশকে ঘটনাটি অবহিত করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর স্বজন একটি মামলা দায়ের করেছেন। আগামীকাল গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে।
