ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননের বৈরুতে নিহত দিপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরদেহ গ্রহণ করেন। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।
প্রতিমন্ত্রীর বরাতে জানা গেছে- এ পর্যন্ত আট বাংলাদেশি মারা গেছেন, তাদের মধ্যে দিপালীসহ ছয়জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। অন্য দুজনের মধ্যে একজনের মরদেহ সৌদি আরবে দাফন করতে হয়েছে এবং ইরাকে নিহত অপর একজনের মরদেহ ফ্লাইট না থাকার কারণে এখনো আনা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, দিপালী আক্তার ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ২০১১ সালে তিনি লেবাননে পাড়ি জমিয়েছিলেন। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তার মৃত্যু হয়।
