বরিশাল বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

পদোন্নতির দাবি আদায় এবং শিক্ষক সংকট নিরসনের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘অসহযোগ আন্দোলনের’ পর এবার ‘শাটডাউন কর্মসূচি’ ঘোষণা করেছেন শিক্ষকরা। রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক সমাজের’ ব্যানারে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল।

এর আগে, পদোন্নতির দাবিতে শিক্ষকরা দীর্ঘদিন ধরে ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে আসছেন। যার ফলে গত ২১ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। শিক্ষকরা অভিযোগ করেছেন, তাদের যৌক্তিক দাবিগুলো উপাচার্য (ভিসি) প্রফেসর ড. তৌফিক আলম আমলে নিচ্ছেন না। এই পরিস্থিতিতে ২৮ এপ্রিল এক সংবাদ সম্মেলন থেকে ‘অসহযোগ আন্দোলন’-এর ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সর্বশেষ রোববার থেকে ঘোষণা করা হয় শাটডাউন কর্মসূচি।

পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য গত ৮ মে রাত ১০টার দিকে নোটিশ দিয়ে ৯ মে সকাল ১১টায় একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন। শিক্ষকরা অভিযোগ করেন, ওই সভায় অধিকাংশ সম্মানিত সিন্ডিকেট সদস্যের মতামত উপেক্ষা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে তারা মনে করছেন।

এ পরিস্থিতিতে রোববার অনুষ্ঠিত শিক্ষকদের সাধারণ সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা থেকে আগামী ১১ মে থেকে উপাচার্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে ওই দিন থেকে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমসহ সব একাডেমিক কার্যক্রমে পূর্ণাঙ্গ শাটডাউনের ঘোষণা দেন শিক্ষকরা। এ ছাড়া প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগ করার সিদ্ধান্তও গৃহীত হয়।

সার্বিক বিষয় জানতে গণমাধ্যমমের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো বক্তব্য নেওয়া যায়নি।

  • ঘোষণা
  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • শাটডাউন