কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আলমগীর হুদা রুবেল (৬৩) নামের এক বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সন্ধ্যার পর কলাবাগান থানার নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শিশুটি নর্থ সার্কুলার রোডের একটি ভাড়া বাসায় পরিবারে সঙ্গে বাস করে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় বাসার সামনে সে খেলছিল। এসময় পাশের বাড়ির এক মালিক চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাড়ির দোতলায় নিয়ে যায়।

সেখানে শিশুটিকে তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ। এসময় শিশুটি চিৎকার করলে প্রতিবশীরা ছুটে যায় ওই বাসায়। ভেতর থেকে দরজা বন্ধ করে রাখায় লোকজন ধাক্কাতে থাকে। একপর্যায়ে ভেতর থেকে ওই ব্যক্তি দরজা খুলে দেয়। প্রতিবেশীরা মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্ত আলমগীরকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আলমগীরের স্ত্রী-সন্তান না থাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। বাড়িটি তাদের নিজেদের।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়। মেয়েটিকেও আনা হয়। শিশুটির মা বাদী হয়ে আলমগীরের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানে হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পরীক্ষা করানো হয়েছে। সে সুস্থ আছে এবং বাসায় রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ধর্ষণের কথা স্বীকার করেছেন।

  • অভিযোগ
  • কলাবাগান
  • ধর্ষণ
  • শিশু