সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫)। বৃহস্পতিবার (২১ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কেরানীগঞ্জে বুধবার রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন গোলাম মোস্তফা। পরে ঢামেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত গোলাম মোস্তফা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বন্ধনহোলা গ্রামের বাসিন্দা। তিনি মো. কালাম উদ্দিনের ছেলে এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী কারারক্ষী মো. আরমান বলেন, গত বুধবার দুপুরের দিকে কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন গোলাম মোস্তফা। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

  • ঢাকা কেন্দ্রীয় কারাগার
  • প্রধান কারারক্ষী
  • মৃত্যু
  • সড়ক দুর্ঘটনা