পৃথক দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিনের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার মামলা দুটি শুনানির জন্য কার্য তালিকায় থাকলেও শুনানি সম্পন্ন হয়নি। আগামীকাল শুনানি হতে পারে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবী ও আইভীকে আইনী সহায়তাকারী মোতাহের হোসেন সাজু। তিনি বলেন, আজকে চেম্বার আদালতের কার্যতালিকায় ২৭৪ ও ২৭৫ নাম্বার সিরিয়ালে মামলা দুটি শুনানির জন্য থাকলেও তা হয়নি। আমরা আগামীকাল শুনানি করতে পারবো বলে আশাবাদী।
এর আগে, ১০ মামলায় হাইকোর্টে জামিন মঞ্জুরের পর সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। এর মধ্যে গত ২রা মার্চ একটি মামলায় এবং ১২ই এপ্রিল অপর মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ দুই মামলায়ও অধস্তন আদালত জামিন না দেয়ায় হাইকোর্টে জামিন আবেদন করেন আইভী। গত ৩০শে এপ্রিল হাইকোর্ট এই ২ মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিনও স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
