মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

মেহেরপুর শহরের শেখপাড়ায় গোলাম হোসেন (৪৫) নামের এক রিকশাচালককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই মামাতো ভাই। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন একই এলাকার রেহেসানের ছেলে। অভিযুক্ত কালু ওই এলাকার আকুব্বারের ছেলে এবং নিহতের মামাতো ভাই।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল তাদের। মঙ্গলবার সন্ধ্যায় দুজনের কথা কাটাকাটি শুরু হয়। এ সময় গোলাম হোসেনকে দা দিয়ে কুপিয়ে আহত করেন কালু। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে কালু পলাতক রয়েছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, ‘ঘটনার পর পুলিশের একাধিক টিম অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • মেহেরপুর
  • রিকশাচালক
  • হত্যা