বুড়িমারী সীমান্তের ভুট্টাখেত থেকে ভারতীয় ড্রোন উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তের ভিতর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উড্ডয়ন করা একটি ড্রোন উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরের দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী শূন্যরেখা সীমান্তের ভিতরের একটি ভুট্টাখেত থেকে ড্রোনটি উদ্ধার করা হয়। বর্তমানে ড্রোনটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোন উড্ডয়ন করে সীমান্ত এলাকায় ভিডিও ধারণ করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ করে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০ গজ ভেতরে একটি ভুট্টাখেতে পড়ে যায়।

ঘটনার সময় বিএসএফ সদস্যরা খেতের পাশে অবস্থান নিলে সেখানে কাজ করা স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পে জানালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সহায়তায় ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট আমাদের বুড়িমারী বিজিবির কোম্পানির কমান্ডারের সাথে যোগাযোগ করেছে। তারা ড্রোনটির ব্যাপারে জানতে চেয়েছে, তাদেরকে বলা হয়েছে ড্রোনটি বিজিবির আওতায় রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • উদ্ধার
  • ড্রোন
  • বুড়িমারী
  • ভারতীয়
  • সীমান্ত