এবার ফ্রান্সেও হান্টাভাইরাসের প্রাদুর্ভাব

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

ডাচ ক্রুজ শিপ এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাস সংক্রমণের জেরে এবার ফ্রান্সেও এই রোগের প্রাদুর্ভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু জানিয়েছেন, আক্রান্ত জাহাজটি থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার পথে এক ফরাসি নাগরিকের শরীরে এই ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে।

ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নোঙর করা ওই জাহাজটি থেকে যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার মধ্যেই এই ঘটনা ঘটল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ঘটনার পর উদ্ধার ও প্রত্যাবাসন প্রক্রিয়াকে ঘিরে কঠোর স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

ফরাসি সরকারের দেওয়া তথ্যমতে, পাঁচজন ফরাসি নাগরিক একটি চার্টার্ড ফ্লাইটে টেনেরিফ থেকে প্যারিসে ফিরছিলেন। উড্ডয়ন চলাকালেই একজন যাত্রীর শরীরে হঠাৎ অসুস্থতা ও হান্টাভাইরাসের লক্ষণ দেখা দিলে পুরো দলকে তাৎক্ষণিকভাবে কঠোর আইসোলেশনে রাখা হয়। প্যারিসের লে বুরজে বিমানবন্দরে বিমানটি অবতরণের পর বিশেষ সুরক্ষা সরঞ্জাম বা পিপিই পরিহিত স্বাস্থ্যকর্মীরা তাদের গ্রহণ করেন।

এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তাদের প্যারিসের বিখ্যাত বিচ্যাট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাদের ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আরও ৪৫ দিনের জন্য বাধ্যতামূলক হোম আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় স্পেন সরকার পুরো উদ্ধার প্রক্রিয়াটি সমন্বয় করছে। এমভি হন্ডিয়াস জাহাজে থাকা ১৫০ জন যাত্রী ও ক্রুর মধ্যে এখন পর্যন্ত ৯০ জনের বেশি নাগরিককে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের আলাদা চার্টার্ড ফ্লাইটে সরিয়ে নিচ্ছে।

  • প্রাদুর্ভাব
  • ফ্রান্স
  • হান্টাভাইরাস