টিএসসি এলাকায় ঝটিকা মিছিল, আটক দুজন রিমান্ডে

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২২ ঘন্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতাসহ দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

রিমান্ড নেওয়া ব্যক্তিরা হলেন ঢাবি শিক্ষার্থী ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাফি (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মো. রুবেল মিয়া (৩৬)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, পলাতক আসামিদের শনাক্ত, ঘটনার পরিকল্পনাকারী ও অর্থদাতাদের খুঁজে বের করা এবং সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার নথি অনুযায়ী, ফারহান তানভীর নাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। তিনি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

অন্যদিকে রুবেল মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

  • আটক
  • ঝটিকা মিছিল
  • টিএসসি
  • রিমান্ড